Cvoice24.com

‘সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ডিপি ওয়ার্ল্ডসহ দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) মহানগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের হয়ে বন্দর অভিমুখে যায়। পৌনে ১২টার দিকে বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

মিছিলে ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি, এনসিটি ইজারা দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।’

পুলিশের অনুরোধে মিছিল শেষ করার কথা জানিয়ে দেলোয়ার মজুমদার বলেন, 'আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করা হবে।'


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর