Cvoice24.com

ভোররাতে আগুনে পুড়লো থানচির ১৩ দোকান

প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোররাতে আগুনে পুড়লো থানচির ১৩ দোকান

বান্দরবানের থানচিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বাজারের ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ‘২০২০ সালে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকানপাট পুড়ে যায়। সবশেষ চলতি বছরেও ১৩টি দোকান পুড়ে ছাই হলো। ঘুরে দাঁড়ানোর আগেই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলীপাড়ার ব্যবসায়ীরা।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিন্দু চাকমা বলেন, ‘১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’