Cvoice24.com

চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার-মোবাইল চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার-মোবাইল চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

কক্সবাজার শহরে চেতনানাশক খাইয়ে বাসা থেকে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রাফি মনি (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে পূর্ব নতুন বাহারছড়ার বাসিন্দা আফরিনা আল মাছিনকে (৩৮) দুধ ও পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাওয়ানোর পর তার বাসা থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে যান রাফি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি আংটি, দুই জোড়া কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি আইফোন ১৬ ও একটি অপো রেনোসহ ৮টি মুঠোফোন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চুরির ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।