Cvoice24.com

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

কক্সবাজার প্রতিনিধি
১৯:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠের ওপর ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে ফয়সালকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় একদল কিশোর তার পিঠের ওপর ইট দিয়ে মারধর করছে।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ফয়সালকে চোর সন্দেহে আটক করা হয়। পরে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। মঙ্গলবার সকালেও তাকে পেটানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।