সেন্ট প্ল্যাসিডস স্কুলে নজরুল বর্ষ ও বিজ্ঞান মেলা
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম মহানগরের সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী নজরুল বর্ষ, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বার্ষিক বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জিয়াউদ্দীন কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী চেতনা ও আত্মবিশ্বাসের প্রতিফলন তুলে ধরেন। তিনি নজরুলের শুদ্ধ চিন্তা-চেতনার সঙ্গে তার বিদ্রোহী সত্তার সাদৃশ্যের বিষয়টি উল্লেখ করেন।
তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানকে নতুন চিন্তার দ্বার হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন। পাশাপাশি মানুষের নিরাপত্তা, সম্মান, সম্পদের অধিকার ও সামাজিক অস্তিত্ব রক্ষায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও প্রথা ভাঙার শিল্পপ্রয়াসের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি, কলেজ প্রশাসক ব্রাদার প্রশান্ত ইগ্নেসিয়াস কস্তা সিএসসি এবং প্রিফেক্ট অব ডিসিপ্লিন ব্রাদার যোয়াকিম রতন গোমেজ সিএসসি।
মেলায় মোট ৯০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। এতে তিনটি বিদ্যালয়ের ৭৯৯ জন শিক্ষার্থী প্রজেক্ট প্রদর্শনী, রুবিকস কিউব, কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













