Cvoice24.com

গবেষণা ও উচ্চশিক্ষায় নতুন নেতৃত্ব পেল সিইউআরএইচএস

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:১৩, ২৮ আগস্ট ২০২৬
গবেষণা ও উচ্চশিক্ষায় নতুন নেতৃত্ব পেল সিইউআরএইচএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা ও উচ্চশিক্ষাবিষয়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) পঞ্চম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মহানগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা। যুগ্ম সম্পাদক হয়েছেন অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামির ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিইউআরএইচএসের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. অলক পাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. ফারাহ জাহান, মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী এবং সংগঠনটির মডারেটর ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, সিইউআরএইচএসের সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব, চুয়েট বায়োমেডিকেল সোসাইটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সায়েন্স ক্লাব, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউএসটিসি ফার্মা ক্লাব, দৃষ্টি চট্টগ্রাম, প্রথম আলো বন্ধুসভা এবং নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে শুভেচ্ছা ও বক্তব্য দেন।

সমাপনী বক্তব্যে নবনিযুক্ত সভাপতি দিদারুল ইসলাম মহসিন সংগঠনের আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে আরও কার্যকর ও সময়োপযোগী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সিইউআরএইচএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং উচ্চশিক্ষাবিষয়ক তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে কাজ করে আসছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে সিইউআরএইচএস। সংগঠনটির দাবি অনুযায়ী, এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০-এর বেশি শিক্ষার্থীকে দেশের বাইরে উচ্চশিক্ষায় আবেদন করতে সহায়তা করেছে তারা। পাশাপাশি প্রায় ২ হাজার শিক্ষার্থীকে গবেষণার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংগঠনটি নিয়মিত সেমিনার, কর্মশালা, গবেষণা মেলা, উচ্চশিক্ষাবিষয়ক প্রশিক্ষণ, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন তথ্যভিত্তিক সেশনের আয়োজন করে আসছে।