চবিতে চক্রাকার বাস চালুর ঘোষণা, শিক্ষার্থীদের যাতায়াত ফ্রি
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চারটি স্থায়ী চক্রাকার বাস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসগুলো ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করবে। এসব বাসে শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চাকসুর অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা। এখন রাত হয়েছে, শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়া উচিত। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে স্থায়ীভাবে চারটি বাস চালু থাকবে।’
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান পর্যন্ত চলাচল করবে। এসব বাসে শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে।’
এর আগে, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীকালে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে চাকসু ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। সোমবার রাত ৯টার দিকে ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় তালা দেওয়া হয় ২ নম্বর গেটেও।
ক্যাম্পাস সব খবর















