Cvoice24.com

চবিতে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৩৬, ২৮ আগস্ট ২০২৬
চবিতে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ‘নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। পরে সেন্ট্রাল ফিল্ডসংলগ্ন পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আহমেদ হানিফ। এ ছাড়া গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও প্রকৃতির নানা বৈচিত্র্য আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্যে ‘নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শাহ মো. শহীদুল ইসলাম শাহী। দ্বিতীয় স্থান অর্জন করেন অর্ণব কুমার দাস এবং তৃতীয় হন তারেকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারীরা সেন্ট্রাল ফিল্ডসংলগ্ন পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। 

পরিবেশ রক্ষা ও ক্যাম্পাসের সবুজায়নে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।