লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটির লংগদুতে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা ফজলুল হক চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল (২৩) নামের এক প্রতিবেশী যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে ফজলুল হক চৌধুরী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়েও তাকে একইভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী শহিদুল—এমন অভিযোগও পাওয়া যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হক চৌধুরী ও শহিদুলকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাগুলো গত এক সপ্তাহের মধ্যে ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গত এক সপ্তাহ ধরে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
পাহাড় সব খবর















