Cvoice24.com

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক
১১:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্যসমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে দেখা গেছে, ৪৫০ আসনের মধ্যে ৩৫০টিতেই জয় পেয়েছেন দলটির প্রার্থীরা।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী স্টেট দুমা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশটির মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের ৫৮ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

২০০১ সালের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে স্টেট দুমায় আধিপত্য প্রতিষ্ঠা করে ইউনাইটেড রাশিয়া। এরপর গত ২৫ বছরে অনুষ্ঠিত আরও চারটি নির্বাচনে দলটি জয় পেয়েছে। সদ্যসমাপ্ত নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে পুতিনের দল।

তবে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে দলটির আসনসংখ্যা ও ভোটের হার আগের নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণকে মস্কো তাদের কর্মকাণ্ডের প্রতি জনসমর্থনের ইঙ্গিত হিসেবে উপস্থাপন করতে পারে। 

বিশেষ করে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে সরকারের অবস্থানের প্রতি সমর্থন হিসেবেও এই ফলাফলকে ব্যাখ্যা করা হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
 

অন্যদেশ সব খবর