Cvoice24.com

মধ্যরাতে সীমান্তে বিজিবির অভিযান, গরু ফেলে পালালো চোরাকারবারিরা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে সীমান্তে বিজিবির অভিযান, গরু ফেলে পালালো চোরাকারবারিরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ ও ছোটফরিংঙা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ ও ছোটফরিংঙা বিজিবি ক্যাম্পের পৃথক দুটি টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল হাতিমারা টিলা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদল সেখানে চোরাচালানের মাধ্যমে আনা ৩টি ভারতীয় গরু জব্দ করে।

এরপর রাত ২টার পর ছোটফরিংঙা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। একপর্যায়ে চোরাকারবারিরা ভারতীয় গরু নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে আরও ৪টি ভারতীয় গরু জব্দ করে। 

জব্দ করা ৭টি গরুর আনুমানিক সিজার মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অবৈধভাবে পণ্য আনা-নেওয়া ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে।