Cvoice24.com

হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৩:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফুদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের মাধ্যমে তার চোট নিশ্চিত হয়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদউল ইসলাম খান বলেন, ‘অনুশীলনের সময় বোলিং করার সময় সাইফুদ্দিন তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে।’

সাইফুদ্দিনের এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি। বিওএর অনুমোদন পাওয়ার পর তার বদলে বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

এশিয়ান গেমসে অংশ নিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে যেকোনো একটি দলের বিপক্ষে খেলতে হতে পারে বাংলাদেশকে।

কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কার নাম রয়েছে।

এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে সোমবার মিরপুরে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ম্যাচে ‘বি’ দল ৬ উইকেটে হারিয়েছে ‘এ’ দলকে।

প্রথমে ব্যাট করে ‘এ’ দল ১৪১ রানের লক্ষ্য দেয়। জবাবে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ‘বি’ দল।

ব্যাট হাতে ম্যাচে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ৪৪ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন।