Cvoice24.com

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ, টিকিটের টাকা ফেরত পাবেন ৩৩ হাজার দর্শক 

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৪:১৩, ৩০ আগস্ট ২০২৬
মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ, টিকিটের টাকা ফেরত পাবেন ৩৩ হাজার দর্শক 

২০২৫ সালের ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় এবার দর্শকদের টিকিটের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়া প্রায় ৩৩ হাজার দর্শকের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মেসির ভক্তরা ৪ হাজার থেকে ৬ হাজার রুপি পর্যন্ত দিয়ে টিকিট কিনেছিলেন। তাদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ১৩ ডিসেম্বর। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে হাজারো দর্শকের সমাগম হলেও মাঠে কর্মকর্তা ও অতিথিদের অতিরিক্ত ভিড়ে কার্যত তাঁকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। প্রায় ২০ মিনিট স্টেডিয়ামে থাকার পর মেসিকে সেখান থেকে বের করে নেওয়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালান। একই সঙ্গে মেসিকে দেখতে না পারা দর্শকেরা টিকিটের অর্থ ফেরতের দাবি জানিয়ে আসছিলেন।

ওই ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। বরখাস্ত করা হয় বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে। অব্যবস্থাপনার অভিযোগে গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানটির আয়োজক শতদ্রু দত্তকেও। পরে ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

জামিনে বেরিয়ে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন শতদ্রু। তাঁর দাবি, মেসিকে ঘিরে সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নয়, বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাই দায়ী ছিলেন।