Cvoice24.com

লিগ বন্ধ তিন বছর, অনিশ্চয়তায় চট্টগ্রামের ক্রিকেটারদের ভবিষ্যৎ

ক্রীড়া প্রতিবেদক, সিভয়েস২৪
২৩:৩২, ৮ সেপ্টেম্বর ২০২৬
লিগ বন্ধ তিন বছর, অনিশ্চয়তায় চট্টগ্রামের ক্রিকেটারদের ভবিষ্যৎ

ব্যাট হাতে দাঁড়ানোর কথা ছিল ২২ গজে। বল হাতে ছুটে যাওয়ার কথা ছিল উইকেটের দিকে। গ্যালারিতে ওঠার কথা ছিল উল্লাস। কিন্তু চট্টগ্রামের ক্রিকেটারদের অনেকের কাছেই এখন এসব যেন পুরোনো কোনো স্মৃতি।

দীর্ঘ প্রায় তিন বছর ধরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ফুটবল ও ক্রিকেট লিগ বন্ধ। মাঠে খেলা নেই, নেই নিয়মিত প্রতিযোগিতা। অথচ এই খেলাই যাদের স্বপ্ন, যাদের জীবিকা— তাদের দিন কাটছে অনিশ্চয়তায়।

ক্রিকেটারদের ভাষায়, তারা শুধু একটি লিগ চান না; তারা ফিরে পেতে চান নিজেদের পরিচয়, সম্মান আর বেঁচে থাকার সুযোগ। এই দাবিতেই সিজেকেএস অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের ক্রিকেটার, ফুটবলার ও সিনিয়র ক্রীড়া সংগঠকরা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা তুলে ধরেছেন দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা ও মাঠে ফেরার আকুতি। সভায় বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, সিনিয়র ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আয়োজক ক্রীড়াবিদদের পক্ষ থেকে বক্তব্য দেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিকেটার আবুল হাসেম রাজা। দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

রাজা বলেন, ‘চট্টগ্রামের ক্রিকেটের বর্তমান অবস্থা দেখে কান্না আসে। আমি দীর্ঘ ২৫ বছর ধরে ক্রিকেট খেলছি। সিজেকেএসের বর্তমান স্থবিরতার কারণে গত তিন বছর ধরে আমরা মাঠে নামতে পারছি না। পরিস্থিতির কারণে নিজের পকেটের টাকা খরচ করে বিদেশে গিয়ে ক্রিকেট খেলতে হচ্ছে।’

তিনি বলেন, একসময় চট্টগ্রাম থেকে একসঙ্গে সাত-আটজন ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করতেন। এখন মাঠের ক্রিকেটের দুরবস্থার কারণে জাতীয় দলে চট্টগ্রামের খেলোয়াড়ের সংখ্যা কমে এক-দুইজনে নেমে এসেছে, তারাও নিয়মিত সুযোগ পাচ্ছেন না।

ক্রিকেট ও ফুটবল বাঁচাতে দ্রুত লিগ চালুর পাশাপাশি সিজেকেএসের নির্বাচন দেওয়ার দাবি জানান রাজা।

তিনি বলেন, চট্টগ্রামের ক্রিকেট ও ফুটবলের স্বার্থে উদ্যোগ নেওয়া হলে তিনি স্পনসর করার দায়িত্ব নিতেও প্রস্তুত। প্রয়োজনে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কাছে যাওয়ার কথাও জানান তিনি।

ইকবাল বাহার, সজীবের মতো তরুণ প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়— এটাই তাদের প্রধান জীবিকা। কিন্তু দীর্ঘদিন লিগ বন্ধ থাকায় তাদের জীবনযাত্রা করুণ পর্যায়ে পৌঁছেছে।

তাদের অভিযোগ, অ্যাডহক কমিটি কার্যক্রম গুছিয়ে দ্রুত লিগ চালুর কার্যকর উদ্যোগ নিচ্ছে না। ফলে মাঠে ফেরার অপেক্ষা যেন আরও দীর্ঘ হচ্ছে। যে তরুণদের হাতে থাকার কথা ছিল ব্যাট-বল, তাদের অনেকের হাতেই এখন অনিশ্চয়তার ভার।

সভায় উপস্থিত সংশ্লিষ্টদের প্রশ্ন, যে চট্টগ্রাম একসময় জাতীয় পর্যায়ের ক্রিকেটার উপহার দিত, সেই চট্টগ্রামের মাঠ কেন এতদিন নীরব থাকবে?

তারা দ্রুত লিগের সুনির্দিষ্ট ক্যালেন্ডার প্রকাশ এবং মাঠে খেলা ফেরানোর জোর দাবি জানান।

খেলোয়াড় ও সংগঠকদের অভিযোগের জবাবে সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব  সালাউদ্দিন আহমেদ জানান, লিগ শুরু করার বিষয়ে তাদের সদিচ্ছা রয়েছে। সিজেকেএসের এডহক কমিটির মেয়াদ আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রীড়া সংগঠকেরা।

স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্লাব প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ক্রীড়া সংগঠকদের মতে, এডহক কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রশাসনিক কার্যক্রম ও প্রয়োজনীয় উন্নয়নকাজও চালিয়ে যেতে হবে।

মতবিনিময় সভায় সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, আবুদস সাত্তার, সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ শাহেদ ও নাছির উদ্দিন, ক্রিকেটার ইকবাল বাহার, সাংবাদিক তানভির আহমেদ, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি, ক্রীড়া সংগঠক নূর জাহেদ বাবলুসহ আরও অনেকে বক্তব্য দেন ।