মেসির পর আর্জেন্টিনার ‘১০’ কে? আলোচনায় নিকো পাজ
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
আর্জেন্টিনার ফুটবলে ‘১০ নম্বর’ জার্সি মানেই বাড়তি কিছু। এই জার্সিতে খেলেছেন দিয়েগো ম্যারাডোনা, এরপর লিওনেল মেসি। দুজনেই শুধু জার্সিটির মর্যাদা বাড়াননি, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর সঙ্গে নিজেদের নাম জড়িয়ে নিয়েছেন।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে এগোতেই তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এরপর কে? আর্জেন্টিনার আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব কে নেবেন? সম্ভাব্য উত্তর হিসেবে সাম্প্রতিক সময়ে যে নামটি বেশি আলোচনায়, তিনি নিকো পাজ।
আজ ৮ সেপ্টেম্বর ২২ বছরে পা দিয়েছেন আর্জেন্টিনার এই তরুণ প্রতিভা। জন্মদিনে তাকে ঘিরে আলোচনা শুধু বয়স বা ক্লাব পারফরম্যান্সে সীমাবদ্ধ নেই; বরং আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর জায়গা নিয়েই তৈরি হয়েছে আগ্রহ।
স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া নিকোর ফুটবলে বড় হয়ে ওঠা রিয়াল মাদ্রিদের একাডেমিতে। মাত্র ১১ বছর বয়সে ২০১৬ সালে ক্লাবটির বয়সভিত্তিক দলে যোগ দেন তিনি। একাডেমির বিভিন্ন ধাপ পেরিয়ে রিয়াল মাদ্রিদের মূল দলেও জায়গা করে নেন। চ্যাম্পিয়নস লিগের মতো বড় মঞ্চেও খেলার অভিজ্ঞতা হয় তার।

পরবর্তী সময়ে ইতালির ক্লাব কোমোতে গিয়ে নিকোর খেলায় আরও পরিণত ভাব দেখা যায়। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাঁর সবচেয়ে বড় শক্তি ড্রিবলিং, বল নিয়ে দ্রুত এগিয়ে যাওয়া, সৃজনশীল পাস এবং আক্রমণ তৈরির ক্ষমতা। এসব গুণের কারণেই তাঁকে আধুনিক সময়ের ‘নম্বর ১০’ ধরনের খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।
ক্লাব ফুটবলে তাঁর পারফরম্যান্সের স্বীকৃতিও এসেছে। ২০২৪-২৫ মৌসুমে সিরি আ’র সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার জেতেন নিকো। ফলে আর্জেন্টিনার জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর নাম আরও জোরালোভাবে উঠে আসে।
জাতীয় দলের গল্পটাও মেসিকে ঘিরেই শুরু। ২০২৪ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় নিকোর। অভিষেক ম্যাচেই মেসিকে অ্যাসিস্ট করে আলোচনায় আসেন তিনি। যেন আর্জেন্টিনার পুরোনো ‘১০’ এবং সম্ভাব্য নতুন তারকার মধ্যে একটি প্রতীকী সংযোগ তৈরি হয়েছিল সেদিনই।
তবে মেসির উত্তরসূরি হওয়া নিকোর জন্য সহজ কোনো দায়িত্ব নয়। ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির সঙ্গে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় অনেক বেশি।
নিকো পাজের সামনে তাই চ্যালেঞ্জ শুধু ভালো ফুটবল খেলা নয়; ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করা। মেসির সঙ্গে তুলনা কিংবা ‘নতুন মেসি’ তকমা তাঁর পথকে সহজ করার বদলে বরং চাপ বাড়িয়ে দিতে পারে।
তবে নিকোর সবচেয়ে বড় সুযোগও এখানেই। মেসির ছায়ায় হারিয়ে না গিয়ে নিজের খেলায় আলাদা পরিচয় তৈরি করতে পারলে আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারেন তিনি।
২২তম জন্মদিনে নিকো পাজের সামনে তাই প্রশ্নটা শুধু ‘মেসির পর কে?’ নয়। বরং প্রশ্ন—মেসির পর নিজের নামে নতুন কোনো গল্প লিখতে পারবেন কি নিকো? সময়ই দেবে সেই প্রশ্নের উত্তর।
খেলাধুলা সব খবর















