Cvoice24.com

সচিবের বড় ভাই পরিচয়ে ইউএনওর কাছে চাইলেন লাখ টাকা, অতঃপর আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
সচিবের বড় ভাই পরিচয়ে ইউএনওর কাছে চাইলেন লাখ টাকা, অতঃপর আটক

খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের স্বজন পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চাওয়া হলো এক লাখ টাকা। কথাবার্তায় সন্দেহ হওয়ায় সচিবের সঙ্গে যোগাযোগ করে পরিচয়ের সত্যতা মেলেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, থানার ওসির পরিচয় ব্যবহার করেও একটি আবাসিক হোটেলে উঠেছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে (৬০) ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।

ইউএনও কাজী শামীম জানান, দু’দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। আজ (মঙ্গলবার) সকালে ওই ব্যক্তি ফোন করে তিনি রামগড়ে অবস্থান করছেন বলে জানান। পরে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।

তিনি আরও বলেন, কার্যালয়ে আসার পর ওই ব্যক্তি বদলির বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। পরে তার কাছে টাকার স্বল্পতা রয়েছে জানিয়ে এক লাখ টাকা ধার চান। তিনি ঢাকায় ফিরে ওই টাকা পরিশোধ করবেন বলেও জানান।

এ সময় ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে সচিব ওই ব্যক্তির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এরপর বিষয়টি নিয়ে আরও সন্দেহ সৃষ্টি হলে রেজাউল করিমের পরিচয় ও অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

জানা গেছে, রেজাউল করিম রামগড়ে অবস্থানকালে থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। তবে রামগড় থানার ওসি ওই ব্যক্তিকে চেনেন না বলে নিশ্চিত করেন। পরে প্রতারণার অভিযোগে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।