Cvoice24.com

তিন পার্বত্য জেলায় ২৫০০ শিক্ষার্থীকে ৩ কোটি টাকা বৃত্তি দেওয়ার ঘোষণা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন পার্বত্য জেলায় ২৫০০ শিক্ষার্থীকে ৩ কোটি টাকা বৃত্তি দেওয়ার ঘোষণা

আগামীতে তিন পার্বত্য জেলায় প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে তিন কোটি টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি টাউন হলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ। পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার দল-মত বিবেচনা না করে মেধাবীদের মূল্যায়ন করবে।

খাগড়াছড়িতে এ বছর ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লাখ ৩০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৭৭৮ জন শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি।

এ ছাড়া জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী দেওয়া হয়। প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনগণের উন্নয়নে সরকার কাজ করছে। এর ফল অচিরেই জনগণ ভোগ করবেন এবং তা বুঝতে পারবেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতজা আলী খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সেলাই মেশিন পাওয়া নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সদর উপজেলার গিরীফুল শিশু সদনের ছাত্রাবাস এবং কমলছড়ি ইউনিয়নের বেতছড়িমুখ পাড়া খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।