Cvoice24.com

বিশ্বমঞ্চে তারেক রহমানের অভিষেক, জ্বালানি সংকট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

সিভয়েস২৪ ডেস্ক
১৩:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে তারেক রহমানের অভিষেক, জ্বালানি সংকট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া উদ্বোধনী আয়োজনে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেওয়া প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী।

জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি নিউইয়র্কে বিশ্বনেতা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং দুই পক্ষের অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্ব ও সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তেল ও গ্যাসের সরবরাহব্যবস্থায় সংকটের কারণে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘তেল, গ্যাস সাপ্লাই চেইন ইত্যাদির কারণে সেখানে বিশ্বব্যাংকের রোল কী থাকবে, সেখানে বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে এবং সাপোর্ট দেবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। সরবরাহব্যবস্থার সংকটের কারণে যাতে এই অগ্রযাত্রা ব্যাহত না হয়, সে জন্য বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়েও আলোচনা হচ্ছে।

জাতীয় সব খবর