Cvoice24.com

পাহাড় কাটায় বাধা 
উখিয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলায় আহত ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলায় আহত ২

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল সেখানে যায়। এ সময় বনকর্মীরা পাহাড় কাটার কাজে বাধা দেন।

বন বিভাগের অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলার সময় দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেছে বন বিভাগ। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল আহত হন।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে হামলার অভিযোগের বিষয়ে জানতে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।