রাউজানের আগুনে পুড়েছে ৪ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা
রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দোকানগুলোর মালামাল, নগদ টাকা ও আসবাব পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো ইসমাইল আজিজের মুদির দোকান, মাহবুব আলমের মুদির দোকান, রতনের স্টেশনারি দোকান এবং আবদুল বাসেকের টিভি-ফ্রিজ মেরামতের দোকান।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সোয়া একটার দিকে একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














