রাঙ্গুনিয়ায় উদ্ধার লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
কাপ্তাই প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে একটি বেঙ্গল স্লো লরিস (লজ্জাবতী বানর) উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলার আলম শাহ পাড়া ও লালানগর এলাকায় অভিযান চালিয়ে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে শারীরিক পরীক্ষা শেষে বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানে সেটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া রেঞ্জের আলম শাহ পাড়া ও লালানগর এলাকায় অভিযান চালানো হয়। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় বেঙ্গল স্লো লরিসটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রাণীটির শারীরিক পরীক্ষা করা হয়। এতে সেটি সুস্থ বলে নিশ্চিত হন বন বিভাগের কর্মকর্তারা। পরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার পরামর্শে প্রাণীটিকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান ও ফরেস্টার মেহেদী হাসান রনির উপস্থিতিতে লজ্জাবতী বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী পাওয়া গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














