Cvoice24.com

সাতকানিয়ার ৬ ইউনিয়নের প্রস্তাবিত নতুন উপজেলায় দোহাজারীকে রাখার ঘোষণা এমপির

চন্দনাইশ প্রতিনিধি
১৯:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ার ৬ ইউনিয়নের প্রস্তাবিত নতুন উপজেলায় দোহাজারীকে রাখার ঘোষণা এমপির

সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। 

বৃহস্পতিবার দুপুরে দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জসীম উদ্দীন আহমেদ বলেন, দোহাজারীকে বাদ দিয়ে নতুন উপজেলা গঠন করা হবে না। সাতকানিয়ার ছয় ইউনিয়নের সঙ্গে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে।

সম্প্রতি সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দোহাজারী ও সাঙ্গু থানা এলাকার বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রস্তাবিত কাঠামোতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে রাখা হয়নি।

সরকারি নথি পর্যালোচনায় জানা যায়, সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। এতে সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠাতে বলা হয়।
এ বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা প্রস্তাবিত নতুন উপজেলায় ছয় ইউনিয়নের সঙ্গে দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সভায় জসীম উদ্দীন আহমেদ আরও বলেন, আগামী ৩০ দিনের মধ্যে দোহাজারী পৌরসভার নয়টি ওয়ার্ডে ৯০টি সড়কের কাজ শেষ করা হবে।

দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে সভায় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদারসহ নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর