Cvoice24.com

‘৭১-এর পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

সিভয়েস২৪ ডেস্ক
১৯:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘৭১-এর পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত।

তিনি আরও বলেন, প্রচলিত আইনে নিষিদ্ধ কোনো সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। দেশের বিরোধী দল বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মীর হেলাল বলেন, চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতই তার ভাগ্য নির্ধারণ করবে।’

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, তারা কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। একটি নির্বাচিত সরকারকে জ্বালাও-পোড়াও ও ঝটিকা মিছিলের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি।’ বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে ‘আগুন সন্ত্রাস’ রুখতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে বলে জানান।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু অভিযোগ করেন, একটি মহল দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।

ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘১৯৭১ ও ২০২৪-এর পরাজিত শক্তি’ সরকারকে হুমকি দিচ্ছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।