Cvoice24.com

চবির সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদলের প্রতীকী প্রতিবাদ

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৫৬, ৩ অক্টোবর ২০২৬
চবির সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদলের প্রতীকী প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সড়ক সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হাতে মোমবাতি নিয়ে এবং সড়কের বিভিন্ন গর্তে চারা রোপণ করে এ প্রতিবাদ জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রধান সড়ক হওয়া সত্ত্বেও পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের বেলায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

সড়কটির সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

প্রতীকী প্রতিবাদে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়নি।’

তিনি বলেন, ‘পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

ক্যাম্পাস সব খবর