Cvoice24.com

উখিয়ায় রেজুখালের ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো মহাপরিচালক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:২৪, ৯ অক্টোবর ২০২৬
উখিয়ায় রেজুখালের ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো মহাপরিচালক

কক্সবাজারের উখিয়ায় রেজুখালের নাব্যতা ও দুই তীরের ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধিদল। শুক্রবার (৯ অক্টোবর) সকালে পাউবোর মহাপরিচালক মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে।

এর আগে, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির কক্সবাজার সফরকালে রেজুখালের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা লিখিত আবেদন করেন।

স্থানীয়দের আশঙ্কা, খালের ভাঙন অব্যাহত থাকলে আশপাশের জনবসতি, কৃষিজমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পরিদর্শনকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রচেষ্টা এবং স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে পাউবোর প্রতিনিধিদল এলাকাটি পরিদর্শন করেছে। রেজুখালের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাস দিয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা।