উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার কালুরপাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আবদুল কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেনসহ রেঞ্জের অন্যান্য বনকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উত্তর পুকুরিয়া এলাকার বেলাল উদ্দিন পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
বন বিভাগ জানিয়েছে, বন ও পরিবেশ রক্ষা এবং অবৈধ পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশসচেতন ব্যক্তিরা বলছেন, পাহাড় কেটে মাটি পাচারের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিধসের ঝুঁকি বাড়ে। তাই পাহাড় কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কক্সবাজার সব খবর















