আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। আগে সতর্ক করার পরও নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। একই অভিযানে ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চউক সূত্রে জানা গেছে, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চউক চেয়ারম্যান বলেন, 'নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













