এলপিজি নিয়ে ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
সিভয়েস২৪ ডেস্ক
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি খাতে বড় ধরনের সংকট চলছে। যুদ্ধের কারণে বিভিন্ন দেশে জ্বালানির সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখতে সরকার আলোচনা করছে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেনশিয়াল এই পণ্য নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব। কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’
মন্ত্রী আরও বলেন, বর্তমানে জ্বালানি সংগ্রহের উৎস সীমিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকার চেষ্টা করছে, যাতে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ না পড়ে।
জনগণের স্বার্থ রক্ষায় সরকারের দায়িত্বের কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণ যেন কোনো ধরনের অসুবিধায় না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকির বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, যারা ধর্মঘটের কথা বলছেন, তাদের আলোচনার টেবিলে বসে বিষয়টি সমাধান করা উচিত।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, এ কারণেই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। বিষয়গুলো নিয়ে কাজ চলছে।
জাতীয় সব খবর















