Cvoice24.com

নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী-শাশুড়ি আটক

সিভয়েস২৪ ডেস্ক
১৩:১৯, ১২ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৩০) ও শাশুড়ি করফুলের নেছাকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত শ্যালক আকাশ পলাতক রয়েছেন।

রবিচবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মসজিদের পুকুরঘাটে এ ঘটনা ঘটে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান।

নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরমজিদের এরশাদ কলোনির ওহিদুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামাল ও তানিয়ার মধ্যে পারিবারিক বিরোধের জেরে চার-পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তাদের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পরও কামাল সাবেক শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে তানিয়াকে বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে কামাল ওই এলাকায় গেলে সাবেক শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে থাকতে দেননি। এরপর থেকে মেয়েকে দেখতে তিনি সাবেক শ্বশুরবাড়ির পাশের মাদ্রাসা এলাকায় রাত কাটাতেন।

স্থানীয় সূত্র আরও জানায়, শনিবার রাতে কামাল মাদ্রাসার মাঠে সাবেক শ্বশুর আমির হোসেনকে একা পেয়ে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে রবিবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার মসজিদের পুকুরঘাটে ঘুমন্ত কামালকে তার সাবেক স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।