Cvoice24.com

‘নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার’

সিভয়েস২৪ ডেস্ক
১৩:০৭, ৬ অক্টোবর ২০২৬
‘নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার’

নির্ধারিত দামে কোথাও এলপিজি পাওয়া না গেলে জনস্বার্থে গণমাধ্যমকে বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে কোথাও কোথাও সমন্বয় করা দামে এলপিজি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি জানান, খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে ইতোমধ্যে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তদারকি কার্যক্রম চলছে বলেও জানান তিনি। আইন অমান্যকারীদের জরিমানা করার পাশাপাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

এলপিজির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকারের আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এসব বৈঠকে ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জাহেদ উর রহমান বলেন, ‘এটা তো অত্যন্ত এসেনশিয়াল একটি পণ্য, এটা ছাড়া আসলে চলা যায় না।’ তাই নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ থাকলে গণমাধ্যমকে তা জনস্বার্থে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু অভিযান চালিয়েই এলপিজির বাজার পরিস্থিতির সমাধান হবে—সরকার এমনটা মনে করে না। দাম বেড়ে যাওয়ার পরিস্থিতিতে এলপিজি আমদানিকারক ও বোতলজাতকারীরা যাতে ন্যায্য মূল্য পান এবং বাজারে সরবরাহ ঘাটতি তৈরি না হয়, সে বিষয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘যারা আইন মানছেন না, তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়ার কথা আমরা বলছি। তো এটা একটা সমন্বিত পদক্ষেপ।’

খাদ্যসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রেও আইনগত পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।