ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি : শামীম
সিভয়েস২৪ ডেস্ক
সন্তানদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নয়; বরং অসাম্প্রদায়িক মানসিকতা ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, খ্রিষ্টান কিংবা অন্য ধর্মের মানুষ; সবার পরিচয় আমরা বাংলাদেশি। কোনো ধর্মই মানুষে মানুষে বিভেদ শেখায় না।’
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও আন্তরিকতায় জেলা পরিষদ কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সবার উৎসব। একে অন্যের আনন্দ ও বেদনায় পাশে দাঁড়ানোই স্বাভাবিক। উপহারের পরিমাণ সামান্য হলেও এর পেছনে আন্তরিকতা রয়েছে। জেলা পরিষদ সামর্থ্য অনুযায়ী সবার পাশে থাকার চেষ্টা করছে।
নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা পরিষদ প্রশাসক বলেন, কোথাও নিরাপত্তার হুমকি বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিয়ন্ত্রণকক্ষে জানাতে হবে। কোনো বিচ্ছিন্ন ঘটনা যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখা জরুরি। সন্তানদের মধ্যেও এসব মূল্যবোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ আন্তরিকতার সঙ্গে সাধ্যমতো সবার পাশে থাকার চেষ্টা করছে। জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। দুর্গাপূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো নিরাপত্তাঝুঁকি দেখা দিলে দ্রুত নিয়ন্ত্রণকক্ষে জানানোর অনুরোধ জানান তিনি।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, ট্রাস্টি রাজীব ধর তমাল এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জিসহ অন্যরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















