মোবাইল কোর্টে নয়, পণ্যের মান নিশ্চিত করতে বাড়াতে হবে সচেতনতা
সিভয়েস২৪ প্রতিবেদক
শুধু মোবাইল কোর্ট পরিচালনা করে পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য উৎপাদক ও ভোক্তা; উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দায়িত্ববোধ তৈরি করা জরুরি। বিশ্ব মান দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বুধবার সকালে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান।
বক্তারা বলেন, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ বা মোবাইল কোর্টের ওপর নির্ভর করলে হবে না। উৎপাদকদের মানসম্মত পণ্য উৎপাদনে দায়িত্বশীল হতে হবে এবং ভোক্তাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। সতর্কতা ও দায়িত্ববোধ তৈরি না হলে আইন প্রয়োগের মাধ্যমে পণ্যের মান নিশ্চিত করা কঠিন।
আলোচনায় ই-বর্জ্য যথাযথভাবে ধ্বংস ও ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় ই-বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে। সরকারও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।
বিশ্ব মান দিবসে ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মো. মোমেন উস সাজ্জাদ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















