নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ‘হেনস্তা’
সিভয়েস২৪ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন একদল বাংলাদেশি। এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি রাজনৈতিক নানা অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল ৮ এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে কয়েকজন বিক্ষোভকারী এগিয়ে গিয়ে উচ্চস্বরে কথা বলছেন। এ সময় তাদের কাউকে ‘ইউ আর আ টেররিস্ট’, ‘হোয়াই ডিড ইউ কাম হিয়ার’ এবং ‘গো ব্যাক’—এ ধরনের মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে বিক্ষোভকারীদের কয়েকজন বাংলাদেশে গণতন্ত্র ক্ষুণ্ন করা এবং পুলিশ সদস্যদের মৃত্যুর জন্য ড. ইউনূসকে দায়ী করে অভিযোগও তোলেন।
ভিডিওতে আরও দেখা যায়, ড. ইউনূসকে নিরাপত্তাকর্মী ও সহযোগীদের ঘেরাটোপে শান্তভাবে সামনে এগিয়ে যেতে দেখা যায়। পরে পরিস্থিতি এড়াতে তাকে বিমানবন্দরের ভেতরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
জাতীয় সব খবর















