Cvoice24.com

পুলিশের জালে চোর চক্রের ৪ সদস্য
চুরি করা মোটরসাইকেল চলে যেত নোয়াখালীতে

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৩৬, ১৫ অক্টোবর ২০২৬
চুরি করা মোটরসাইকেল চলে যেত নোয়াখালীতে

চট্টগ্রাম নগরের সিআরবি থেকে নোয়াখালী পর্যন্ত অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই ছয়টি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নগরের বিভিন্ন এলাকা থেকে যানবাহন চুরি করে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানে সেগুলো মজুত করতেন তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন— আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭), মাইনুদ্দিন মুরাদ (২৭), শাহাদাত হোসেন (৩০) ও আবু হুরায়রা (৩০)।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ভোর ৪টা ৪০ মিনিটে নগরের সিআরবি কাঠের বাংলোর সিঁড়ির গোড়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ইছহাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে মাইনুদ্দিন মুরাদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পুরোনো হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল ও একটি ভিভো টি৪এক্স ৫জি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠানালার রহমতাবাদ এলাকায় সুলতান পাঠানবাড়ির সামনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি ইগনিটর ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে জোরারগঞ্জের ইছাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি পুরোনো হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটে নোয়াখালীর সুধারাম থানার এওয়াজ বালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আবু হুরায়রাকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো স্থান থেকে একটি পুরোনো গ্ল্যামার ১২৫ সিসি ও একটি হোন্ডা ড্রিম নিও মোটরসাইকেল এবং একটি ভিভো ওয়াই১৯এস প্রো মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সুধারামের দাতপুর ইউনিয়নের হাকিমপুর কালামিয়া ব্যাপারী বাড়ি থেকে আরও একটি পুরোনো ইয়ামাহা সালুটো মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের চট্টগ্রাম নগরীসহ চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রাখতেন। উদ্ধার করা মোটরসাইকেলগুলো চোরাই বলে জেনেও নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন তারা। তবে মোটরসাইকেলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে, সে বিষয়ে তথ্য গোপন করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুর রহমানের বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা রয়েছে। শাহাদাত হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন আইনে দুটি মামলা রয়েছে।