রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় কমিটি, নিরাপদ প্রত্যাবাসনের দাবি
কক্সবাজার প্রতিনিধি
নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে মিয়ানমারে ফিরে যেতে চান রোহিঙ্গারা। এ জন্য বাংলাদেশের সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁরা। বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদলের কাছে এ দাবি জানান রোহিঙ্গারা।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এ সময় রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
প্রতিনিধিদলটি প্রথমে কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন সদস্যরা। কেন্দ্রটিতে সংরক্ষিত পুরোনো পরিচয়পত্র, ঐতিহাসিক ছবি, রাজনৈতিক প্রতিনিধিত্ব-সংক্রান্ত নিদর্শন এবং দুই শতাধিক দুর্লভ দলিল সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।
পরে প্রতিনিধিদলটি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি হাসপাতাল এবং ৪ নম্বর ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করে। এসব স্থাপনায় চলমান কার্যক্রম দেখার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজ নেয় প্রতিনিধিদল।
এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দরবার হলে বিভিন্ন শ্রেণি-পেশার রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদীয় কমিটির সদস্যরা। সভায় রোহিঙ্গারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, অনিশ্চিত ভবিষ্যৎ এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নিতে তাঁরা বাংলাদেশের সরকারের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় ইউসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহও রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। তিনি বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান। তাঁদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদীয় কমিটির সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম ও মীর আহমদ বিন কাশেম। এ ছাড়া উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
কক্সবাজার সব খবর















