Cvoice24.com

মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:০২, ১৯ অক্টোবর ২০২৬
মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সফরে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপে প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কর্মসূচি রয়েছে তার।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সামরিক বিমানে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যা ৬টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরের হোটেল র‍্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে পূজামণ্ডপ পরিদর্শন এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, সাংগঠনিক সভায় অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট হোটেল র‍্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।