Cvoice24.com

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সিভয়েস২৪ প্রতিবেদক
২১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এবং চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন, চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৬ জন, বিআইটিআইডি হাসপাতালে ১২ জন এবং সিএমএইচ চট্টগ্রামে একজন ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭ জনে। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৩৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৯৯ জন চিকিৎসা নিয়েছেন।