প্লাস্টিক বর্জ্য হবে বিদ্যুতের উৎস, উখিয়ায় প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুতুপালংয়ের ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ক্যাম্পে উৎপন্ন বর্জ্য সংগ্রহ, বাছাই, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ এবং প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য নেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষের বসবাসের কারণে প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক বর্জ্যও রয়েছে। এসব বর্জ্য পরিকল্পিতভাবে সংগ্রহ ও পৃথকীকরণের মাধ্যমে ব্যবস্থাপনার আওতায় আনার পাশাপাশি পুনর্ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার সব ষড়যন্ত্র ভেদ করে আমরা কক্সবাজারকে যে কোনো মূল্যে একটি ভালো অবস্থানে নিয়ে যাব।’
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জসিম উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সব খবর















