পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় গ্রেপ্তার ৩
পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ আলী (৬৭) প্রকাশ মুন্সি মিয়াকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জন্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।
নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মারা হলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার আসামিরা চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
কক্সবাজার সব খবর















