Cvoice24.com

উখিয়ায় দুই সিএনজির সংঘর্ষে নিহত যুবক, আহত ৯

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় দুই সিএনজির সংঘর্ষে নিহত যুবক, আহত ৯

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিম (৩৪) নামের এক রোহিঙ্গা মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাশিম উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কে দুটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ও যাত্রীসহ নয়জন আহত হন। খবর পেয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাশিমের মৃত্যু হয়।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও বিভিন্ন সড়কে প্রকাশ্যে সিএনজি চলাচলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনুমোদনহীন কিছু সিএনজি দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে চলাচল করছে। এতে ক্যাম্পের সরু ও ব্যস্ত সড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, অবৈধভাবে সিএনজি চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করতে হয় এবং এ জন্য এপিবিএনের কিছু সদস্যকে নিয়মিত মাসোহারা দেওয়ার অভিযোগ রয়েছে।

ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এপিবিএন পরিদর্শক মো. নাহিদ বলেন, দুটি সিএনজির সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।

তবে ক্যাম্পের ভেতরে বিধিনিষেধ অমান্য করে সিএনজি চলাচল এবং এপিবিএনের কোনো সদস্যকে মাসোহারা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ অভিযোগ অস্বীকার করেন তিনি। এপিবিএন পরিদর্শক বলেন, মাসোহারা নিয়ে অবৈধভাবে সিএনজি চলাচলের অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই।

কক্সবাজার সব খবর