Cvoice24.com

চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি
১৭:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে মোহাম্মদ হাছান নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছান ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল নিহত হাছান।

স্বজনরা জানান, স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় হাছান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মোহাম্মদ হাছানের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার কারণে গভীর শোকাভিভূত।