উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানিয়েছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২ পশ্চিমের ডি/৯ ব্লকে জুবায়েরের বসতঘরে অভিযান চালানো হয়। রাত সোয়া তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে জুবায়েরের দেখানো স্থান থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং কেফায়াত হত্যা মামলায় পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।
গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্রসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সব খবর












