Cvoice24.com

পেকুয়ায় পানি নেওয়া নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
পেকুয়ায় পানি নেওয়া নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ ইউসুফ আলী ওরফে মুন্সি মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়া কুতুবদিয়ায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ মামলায় টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জন্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধ হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর তাকে মাথায় তুলে আছাড় মারা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন।

গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।