উখিয়ায় ৭ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত ৩০ একর বনভূমি
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ সময় বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুরছড়া এলাকায় বনভূমি দখল করে সাতটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অভিযানের সময় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি প্রায় ৩০ একর বনভূমি দখলমুক্ত করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, বনভূমি জবরদখলের সঙ্গে কথিত হেডম্যান ইব্রাহীম ও তার ভাই ওমর ফারুকের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহীমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর















