ফটিকছড়িতে কিশোর অপরাধ প্রতিরোধে অভিযান, আটক ৪৫
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ৪৪ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ফটিকছড়ি ও ভূজপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে দুই থানার আওতাধীন বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থান এবং কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে একযোগে অভিযান চালানো হয়। এতে ফটিকছড়ি থানা পুলিশ ১৬ জন এবং ভূজপুর থানা পুলিশ ২৯ জন কিশোরকে আটক করে।
পরে আটক কিশোরদের যাচাই-বাছাই করা হয়। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৪৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। একজনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ অভিযান চালানো হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় অধিকাংশকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












