Cvoice24.com

বোয়ালখালীতে আগুনে ১৫ বসতঘর-দোকান ছাই

প্রতিনিধি, সিভয়েস২৪
১২:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বোয়ালখালীতে আগুনে ১৫ বসতঘর-দোকান ছাই

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে জামাল সওদাগরের ভাড়াবাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভাড়াটিয়ারা আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাড়াবাসার মালিক জামাল সওদাগর জানান, আগুনে তার ১৩টি ভাড়াঘর পুড়ে গেছে। ভাড়াটিয়ারা তেমন কোনো মালামাল বের করতে পারেননি। একটি মুদির দোকান ও একটি বেকারিসহ ভাড়াটিয়াদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী সোহেল জানান, ক্ষতিগ্রস্তদের অনেকে চাকরিতে থাকায় আগুন লাগার সময় ঘরে ছিলেন না। ফলে মালামাল উদ্ধারের সুযোগ হয়নি। ওই বাসায় পাঁচটি পরিবার ও কয়েকজন ব্যাচেলর ভাড়াটিয়া থাকতেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।