নাইক্ষ্যংছড়িতে মসজিদের ওয়াশরুমে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াশরুম থেকে আবুল কালাম ওরফে আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম উপজেলার দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হামিমের ছেলে। তিনি দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করতেন। চার সন্তানের বাবা আবুল কালাম বাইশারী বাজারে মুদির দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদের ওয়াশরুমে আবুল কালামের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসান ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ায় একটি বৌদ্ধ বিহারের কাছে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের লাশ উদ্ধার করা হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে দুটি মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড় সব খবর















