Cvoice24.com

কিশোরদের আড্ডায় পুলিশের হানা, ১৭ থানায় আটক ৪৪৫

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরদের আড্ডায় পুলিশের হানা, ১৭ থানায় আটক ৪৪৫

কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, ১৫২ জনের বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

পুলিশ জানায়, অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আর ১৫২ জনের বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়। পাশাপাশি পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়।

কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

তিনি বলেন, ‘এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কিশোরদের অপরাধপ্রবণতা কমাতে সচেতন মহলকেও আন্তরিকভাবে কাজ করতে হবে। অভিযানে আটক ১৫২ জনের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’