মাহাথির মোহাম্মদের স্ত্রী মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।
পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)।
ড. সিতি হাসমাহ মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। দেশটির প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের মধ্যে তিনি অন্যতম। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাসেবা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। মাহাথির মোহাম্মদের দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্বের সময় তিনি মালয়েশিয়ার ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।
অন্যদেশ সব খবর















