Cvoice24.com

ডেঙ্গু রোধে জমা পানি অপসারণে জোর চসিকের

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু রোধে জমা পানি অপসারণে জোর চসিকের

চট্টগ্রাম নগরে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ায় এসব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের সাগরিকা মোড়সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে।

নগরবাসীর উদ্দেশে চসিক মেয়র বলেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ —এই অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব।

এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় উল্লেখ করে দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানান মেয়র।

কাজীর দীঘি ও আশপাশের এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রামের আওতায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মেয়র।